ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়ে অপহরণের শিকার এক কিশোর ও এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী সহিদ ও রুমিনাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান, টিপু, রাহাত মোড়ল ও ফেরদৌস হাওলাদার। পুলিশ জানায়, বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার লতুয়াপাড়া থেকে বাচ্চু মিয়ার ছেলে সহিদ ও তাঁর দূরসম্পর্কের আত্মীয় রুমিনা গাড়িতে করে রূপগঞ্জে যান। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোলাকান্দাইল এলাকায় গাড়ি থেকে নেমে অটোরিকশা খোঁজার সময় ৭ থেকে ৮ জন তাদের পৃথক দুটি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে গোলাকান্দাইল মধ্যপাড়ায় ফারুক ফকিরের বাড়িতে আটকে রেখে তাদের নির্যাতন করা হয়।
এক পর্যায়ে অপহরণকারীরা সহিদের বাবা বাচ্চু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বাচ্চু মিয়া বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি তাদের নির্যাতন না করার অনুরোধ জানান। পরে বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এ ঘটনায় বাচ্চু মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অপহৃত দুজনকে উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।