চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক সেবন করে পরিবার ও এলাকায় অশান্তি সৃষ্টির দায়ে আব্দুল আহাদ (২৪/যুবক) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল আহাদ চুনারুঘাট উপজেলার উত্তর হাতুন্ডা এলাকার বাসিন্দা এবং আব্দুল কুদ্দুসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল আহাদ নিয়মিত মাদকদ্রব্য সেবন করে নিজ পরিবারসহ আশপাশে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করে আসছিলেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের টিম অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।