স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় বানিয়াচং মডেল প্রেসক্লাবের সদস্য মোঃ বিলাল মিয়াকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মোঃ বিলাল মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে আশকান্দি মামুন কাউন্টার থেকে গাড়িতে যাত্রা করেন। পরদিন ৯ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে তিনি ঢাকার মালিবাগ এলাকায় রাজধানী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার দাবি, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। অথচ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিলাল মিয়ার দাবি, ঘটনার সময় তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন যার পক্ষে হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, যাতায়াতের তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই করা যেতে পারে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।