স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে কথিত পুলিশের সোর্স মামুনসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নির্দেশে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। হবিগঞ্জ থেকে মাদক ও জুয়া নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করছে।