স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উৎসবমুখর, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার উৎকর্ষ, মেধার বিকাশ এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সম্মাননা প্রদান পর্বে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কাইয়ুম এবং হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বলেন, একটি শিক্ষিত, মেধাবী, সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্মই পারে আগামীর উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। তারা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানবিক গুণাবলি, দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আরও আন্তরিক ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়ার পর্ব। অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। সন্তানের এই অসাধারণ অর্জনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অভিভাবকরাও আনন্দ ও গর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এবারের বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুলের মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের জন্য এক গৌরবোজ্জ্বল সাফল্য বয়ে এনেছে। এই অনন্য সাফল্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। জেলার শিক্ষা অঙ্গনেও এ সাফল্য ব্যাপক প্রশংসিত হয়েছে।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এই ঈর্ষণীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এমন সংবর্ধনা ও পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা, আত্মবিশ্বাস এবং নতুন উদ্যম সৃষ্টি করে। এতে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুল পরিবারের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ৪২ জন কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে এ ধরনের অনুপ্রেরণামূলক ও শিক্ষাবান্ধব অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম, হবিগঞ্জ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সবশেষে শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন যেন ভবিষ্যতেও বৃহত্তর সাফল্যের পথপ্রদর্শক হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে উৎসবমুখর, আনন্দঘন ও স্মরণীয় পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।