চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক বাংলাদেশ উশু ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তিনি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের মরহুম দুলাল ভূইয়া (সাবেক ইউপি সদস্য)-এর সন্তান। তাঁর এই মনোনয়নে এলাকাবাসী, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ১৮ জুলাই দেশের ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে। একই সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় পূর্ববর্তী অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গঠিত নতুন অ্যাডহক কমিটিগুলো আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে। বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নাহিদ উদ্দিন তারেকের অন্তর্ভুক্তি দেশের উশু ক্রীড়ার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।