নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় প্রকাশ্য ও অবাধে দেহব্যবসা, যৌন উত্তেজনা ঔষধ ইয়াবাসহসহ মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। স্থানীয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই বাজারের মধ্যে মসজিদের যাওয়া আসার রাস্তায় এই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন কয়েক ব্যক্তি। খারাপ প্রকৃতির লোক হওয়ায় তাদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে পারছেন না। এতে করে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক পরিবেশ চরম অস্থিরতার মুখে পড়েছে। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ, বাংলা বাজার জামে মসজিদের পেছনের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে দিন-রাত দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মসজিদের মতো পবিত্র স্থানের পাশে এমন অনৈতিক কর্মকাণ্ড চললেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, এই ব্যবসার ফলে এলাকার কিশোর ও যুব সমাজ নৈতিক অবক্ষয়ের পথে ধাবিত হচ্ছে এবং অনেকে মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় মুসল্লী জানান, মসজিদের খুব কাছেই এই দেহ ব্যবসা চলায় নিয়মিত নামাজ আদায় করতে যাওয়া মুসল্লীরা চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তারা জানান, মসজিদের পাশে এমন নোংরা পরিবেশ আমাদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। যুবসমাজ ধংসের পথে। প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে ওই সকল অপকর্ম এবং তাদের আয়ের উৎস বেরিয়ে আসবে। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাংলা বাজার এলাকাকে অসামাজিক কার্যকলাপমুক্ত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।