স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের কাজীহাটা গ্রামে নাজমা হত্যা রহস্যের জট সাড়ে ৭ মাসেও খোলেনি। আড়ালে থেকেই মূল অপরাধীরা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার খেলা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীন হয়ে পড়েছে মামলা বাদী কলেজ ছাত্রী নার্গিস আক্তার ও তার পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরেও তার ও তার পিতার উপর হামলা হয়েছে। এ ব্যাপারে বাদীর পিতা জসিম আলী বাহুবল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের জসিম আলীর স্ত্রী নাজমা আক্তার-এর লাশ পাওয়া যায় গ্রামের হান্নান মেম্বারের বাঁশ ঝাড়ের নিচে। এ ব্যাপারে তার নিহতের মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে বাহুবল মডেল থানায় সন্ধেহভাজন ১০ ব্যক্তি নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের জসিম আলী দুই স্ত্রী ও পুত্র-কন্যাদের বাড়িতে রেখে প্রবাসে কর্মরত ছিলেন। জসিম আলী ও তার স্ত্রী-সন্তানদের সাথে জমিজমা নিয়ে তারই আপন ভাই তোরাব আলীর বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে তোরাব আলী তার লোকজন প্রায়ই জসিম আলীর স্ত্রী-সন্তানদের মারধোর করতো। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৮ অক্টোবর তোরাব আলী তার লোকজন জসিম আলীর দুই স্ত্রীকে মারধোর করে। এতে আহত হয়ে জসিম আলীর স্ত্রী ছিতারা বেগম ও নাজমা বেগম বাহুবল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং বাহুবল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
এ ঘটনার দু’দিন পর অর্থাৎ ২০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে জসিম আলীর ২য় স্ত্রী নাজমা আক্তার (৪০) নিখোঁজ হন। খোজাখুজির পর রাত পৌনে ১২টার দিকে কাজীহাটা গ্রামের হান্নান মেম্বারের বাঁশ ঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার হাত পিছমোড়া করে বাঁধা, মুখে স্কচটেপ লাগানো এবং গলায় ধরালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনার খবর পেয়ে প্রবাস জীবনের ইতি টেনে দেশে চলে আসেন নিহতের স্বামী জসিম আলী। তিনি আসার পর ২৫ অক্টোরব নিহতের একমাত্র কন্যা কলেজ ছাত্রী নার্গিস আক্তার বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের দেবর তোরাব আলীসহ ১০ ব্যক্তির নাম উল্লেখ করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় হবিগঞ্জ পিবিআইকে।
মামলার বাদী নার্গিস আক্তার ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, হবিগঞ্জ পিবিআই-এর ইন্সপেক্টর রাজীব কুমার দাশ তদন্তের নামে প্রায় ৭ মাস সময় কাটিয়েছেন। এ সময়কালে তিনি মামলা রহস্যের জট খোলার কোন চেষ্টাই করেননি। প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বাদীর মামা আব্দুল গনিকে ‘জজ মিয়া’ বানিয়ে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে লিপ্ত হন। এ প্রেক্ষিতে মামলার বাদী নার্গিস আক্তার উর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং বিগত ৮ মে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন। এ প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে হবিগঞ্জ পিবিআই-এর সাব-ইন্সপেক্টর সালাহ উদ্দিন মিফতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মামলার বাদী নার্গিস আক্তার-এর পিতা জসিম আলী জানান, গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে হবিগঞ্জ পিবিআই-এর তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। এ সময় আড়ালে থাকা আসল খুনিরা ভাড়াটে লোক দিয়ে আমি ও আমার মেয়ে নার্গিস আক্তারের উপর হামলা চালায়। লোকজন এ সময় আমাদের রক্ষা করলেও হামলাকারীরা প্রকাশ্য আমাদের খুন করার হুমকী দিয়েছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। আমি ও আমার পরিবারের সদস্যগণ নিরাপত্তাহীন অবস্থায় আছি।
তিনি আরো বলেন, হত্যাকান্ডের মুল হোতারা ধরা না পড়ায় আড়ালে থেকে তারা ভাড়াটে লোক দিয়ে আমাদের চাপ প্রয়োগ ও হুমকী দিচ্ছে।