নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি হাওর থেকে নিখোঁজের দু’দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন। নিহত আব্দুর রউফ
নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান কৃষক আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। গত বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। অপর দিকে উপজেলার সোনাপুর গ্রামের হামিদুর রহমান ওরপে হামদু (২৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত হামিদুর রহমান বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে পরিবারের অগোচরে বিষপান করে চটপট করতে দেখে পরিবারের লোকজন নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।