নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নবীগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় আখড়ায় এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিভূ আচার্য্য-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর যুবরাজ গোপ। অনুষ্ঠানে গীতা পাঠ করেন সঞ্জয় দাশ।
এতে উপস্থিত ছিলেন, বাবু রঙ্গলাল রায়, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ভজন সরকার, নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, সমরেন্দ্র বর্দন, কানু লাল দাস, বীর মুক্তিযোদ্ধা গজেন্দ্র দাশ, নীপেন্দ্র পাল, চারুদেব, সাধন দাশ, সুভাশীষ চক্রবর্তী, টিটু লাল আচার্য্য, প্রসাদ রায়, বিকাশ আচার্য্য, সুমন দাশসহ সনাতন ধর্মের অসংখ্য ভক্তবৃন্দ।
প্রার্থনার আগে এক সংক্ষিপ্ত আলোচনায় পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিভূ আচার্য্য বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। যে কারণে পলাতক ফ্যাসিস্টের কারাগারকেও ভয় করেননি। প্রায় ৬ বছর রেজিমের কারাগারে তাঁকে বন্দি রেখে অমানষিক নির্যাতন করতে করতে আজ তিনি মৃত্যু শয্যায়। তাঁর জন্য সকল ধর্মের মানুষ প্রার্থনা করছেন। আমরা আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। গীতা পাঠ শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।