রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ ॥ বিপাকে চিকিৎসা সেবা

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত আসতে না আসতেই হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত কয়েকদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় একশোর বেশি রোগী। তাদের অধিকাংশই শিশু ও প্রবীণ নাগরিক। বাড়তি চাপের কারণে চিকিৎসক, নার্স ও হাসপাতালের সার্বিক তৎপরতা আরও জোরদার করা হলেও রোগীর ঢল সামলানো কঠিন হয়ে পড়ছে।
হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে সরেজমিনে দেখা যায়, অনেক রোগীকে বেড না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে কান্নার শব্দ, নেবুলাইজারের গুনগুন ধ্বনি আর অভিভাবকদের উৎকণ্ঠা, সব মিলিয়ে অন্যরকম এক চাপা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে।
হাসপাতালের ডিউটি ডাক্তারদের একজন জানান, গত ৪-৫ দিনে হঠাৎ রোগীর চাপ বেড়েছে। মূলত ঠান্ডাজনিত জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট ও ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। প্রবীণদের ক্ষেত্রে দেখা দিচ্ছে নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত জটিলতা।
বৃদ্ধ রশিদ মিয়া (৭২) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পাশে বসে থাকা ছেলে বলেন, “বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গ্রামে ডাক্তার দেখালাম। কিন্তু কাজ হলো না। শেষ পর্যন্ত হাসপাতালে আনতেই হলো।”
তবে সবচেয়ে দুঃসংবাদ এসেছে নবজাতক ওয়ার্ড থেকে। গত কয়েকদিনে ঠান্ডাজনিত জটিলতাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এসব মৃত্যুতে চিকিৎসকরাও শোকাহত।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের একজন কর্মকর্তা বলেন, “শীতের শুরুতে সাধারণত ঠান্ডাজনিত অসুস্থতা বাড়ে। কিন্তু এবার রোগীর সংখ্যা হঠাৎ বেশি বেড়ে গেছে। বিশেষ করে নবজাতক ও শিশুদের ক্ষেত্রে অভিভাবকরা একটু অসচেতন থাকলে জটিলতা দ্রুত বৃদ্ধি পায়।”
চিকিৎসকদের মতে, শীতের সময় শিশুকে অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম পরিবেশে না রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ধুলোবালি থেকে দূরে রাখা এবং হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগছেন এমন প্রবীণদের জন্য বাড়তি সতর্কতা জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়াই উত্তম।
হবিগঞ্জে শীত আরও জোরালো হওয়ার সম্ভাবনা থাকায় সামনে দিনগুলোতে রোগীর চাপ আরও বাড়ার আশংকা করছেন চিকিৎসকরা। এ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বেড ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জীবনের ঠান্ডা হাওয়ার কাছে অসহায় হয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি নিজ নিজ পরিবার ও সমাজের সচেতনতার ওপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com