স্টাফ রিপোর্টার ॥ দৈনিক খোয়াইয়ের সাবেক সার্কুলেশন ম্যানেজার মোঃ রাজু মিয়া আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকালে অসুস্থ অবস্থায় সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি বাবা-মা, স্ত্রী, এক কন্যা ও চার ভাই-বোন রেখে গেছেন। তিনি নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের বদরদী গ্রামের মুরব্বি আব্দুস শহীদের ছেলে।
মরহুমের ভাই দিপু জানান, রাজু মিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে ম”ত ঘোষণা করেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বদরদী গ্রামের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রাজু মিয়ার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন ও খোয়াই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সৎ ও নিষ্ঠাবান এই সাবেক কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।
দৈনিক খোয়াইয়ের সম্পাদক রোটারিয়ান শামীম আহছান, খোয়াইয়ের সাবেক সাংবাদিক ও সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকীল এবং খোয়াইয়ের ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।