মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আইন অমান্য করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপসহ উত্তোলন সরঞ্জাম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের একটি দল ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোতাকাব্বির অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাহমুদপুর মৌজার একটি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অনুমোদন ছাড়া মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল। পরে উত্তোলন করা মাটি ও বালু বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে সেখানে থাকা একটি ড্রেজার মেশিন এবং মাটি-বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই মাটি ও বালু উত্তোলনের কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে জমিতে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। এতে আশপাশের জমির মাটি ধ্বসে পড়ার পাশাপাশি বর্ষাকালে পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি সরিয়ে নেওয়ায় ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, অপরিকল্পিত ও অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদী, খাল, কৃষিজমি ও ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকে অনুমোদন ছাড়া মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আইন অমান্য করে কেউ মাটি বা বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাধবপুরের যেসব এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।