স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নেতৃবৃন্দকে সঙ্গে নিয়েই শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রশাসনের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাসকে গুরুত্ব দিতে হবে এবং তাদের যথাযথ সম্মান দিতে হবে।
তিনি গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউজে জেলা জাসাসের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, সাংগঠনিকভাবে হবিগঞ্জ জেলা জাসাস অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করেছি। কিন্তু হবিগঞ্জ জেলা জাসাসের মতো এত সংগঠিত সংগঠন আর দেখিনি।
প্রতিমন্ত্রী বলেন, জাসাস একটি সাংস্কৃতিক সংগঠন তথা শিল্পীদের সংগঠন। তবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত ১৭ বছর জাসাসের নেতাকর্মীরা দেশের জন্য ও গণতন্ত্রের জন্য কাজ করেছেন। এ সময়ে অনেকেই কারাবরণ করেছেন এবং বিভিন্ন মামলার আসামি হয়েছেন।
তিনি বলেন, হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরীও বিগত সরকারের আমলে কারাগারে ছিলেন। কারাগারে থাকার কারণে তিনি তার বাবার জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেননি। এমন ত্যাগ ও প্রতিকূলতার মধ্যেও জাসাসের নেতাকর্মীরা তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা জাসাসের সাংগঠনিক কার্যক্রম, সাংস্কৃতিক অঙ্গনে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ততা এবং জেলার সাংস্কৃতিক কর্মকান্ড আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জাসাসের নেতৃবৃন্দকে সাংস্কৃতিক কর্মকান্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রশাসনের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জাসাসের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি মো: নুর উদ্দিন, সহ-সভাপতি আলী হোসেন সোহাগ, ফজর আলী ফজল, আফরোজ বখত টুটন, লিটন মিয়া, সিদ্দিকুর রহমান মাসুম, শেখ আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী পাপলু, শাহ আবিদ, মোতাব্বির আহমেদ খেলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মাসুক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সানুর, মহিলা বিষয়ক সম্পাদক রুকেয়া বেগম জোসনা, সদস্য আজাদুর রহমান রিপন, হবিগঞ্জ পৌর জাসাসের সভাপতি সৈয়দ নাসির উদ্দিন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার শিমুল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কাকন, বাহুবল উপজেলা জাসাসের সদস্য সচিব জিতু মিয়া, জাসাস নেতা ডা: হারুনুর রশিদ প্রমুখ।