লাখাই প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় লাখাই থানা পুলিশের আয়োজনে লাখাই থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লাখাই উপজেলার সম্ভাব্য ৬৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লাখাই উপজেলা শাখার সভাপতি আশিষ দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্টের লাখাই উপজেলা শাখার সভাপতি অপূর্ব চন্দ্র দেব এবং পূজা উদযাপন পরিষদের লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী। এছাড়াও লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, ইন্সপেক্টর (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ থানার বিভিন্ন বিটের পুলিশ কর্মকর্তারা। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।