লাখাই প্রতিনিধি ॥ মাধবপুরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে (৩২) পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় অভিযুক্ত স্ত্রী মমতা বেগম (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস গতকাল শনিবার বিকেলে মমতা বেগমকে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে সোপর্দ করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী মামুন মিয়া তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। নির্যাতনের প্রতিবাদ করলে তা আরও বাড়িয়ে দেওয়া হতো এবং তাদের শিশুসন্তানকে হত্যার হুমকিও দেওয়া হতো। দীর্ঘদিনের সেই নির্যাতন সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়েই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে আদালতে জানান।