চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চুনারুঘাট বাজারের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে হাজী আব্দুল কদিরের ছেলে মো. রিয়াজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কাওছার লতিফের ছেলে মো. সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।