স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। তবে পুলিশ বলছে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ তাদের ঘরের টিনের চালে দু’টি ঢিলের মতো শব্দ শুনতে পান। এরপর জানালা খুলে আগুন দেখতে পান। মাহদী হাসান বলেন, আমার ধারণা পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে। 
তবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, রাত ১টার দিকে মাহদী হাসানের ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি আমার নজরে আসে। আমি সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। ফেসবুক লাইভে যে অভিযোগ করা হয়েছে মাহদীর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ হয়েছে। কিন্তু আমরা পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত বা উপাদান পাইনি।
তিনি জানান, মাহদী হাসানের বাসার পাশে তার চাচা আনোয়ার আলীর টিনসেট বাসা আছে। সেটিতে আনোয়ার আলী থকেন। এ টিনসেট ভেতরে বৈদ্যুতিক মিটার বসানো আছে। এ থেকে তারা অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে থকেন। মিটারটি পুড়া পেয়েছি। এটি আংশিক পুড়ে গেছে। এটিতে আগুন ধরে গিয়েছিল।
তিনি বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে। কিন্তু পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগের কোনো আলামত আমরা সেখানে পাইনি।