বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আইফোনের লোভে ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যা ॥ ঘাতক গ্রেপ্তার ॥ নিখোঁজের ৬ দিন পর লাখাইয়ে কচুরিপানারনিচ থেকে নবীগঞ্জের তারেকের মরদেহ উদ্ধার শহরতলীর ধুলিয়াখাল গ্রামে কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ ৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন হুইপ জি কে গউছ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সরকারি গোপাট ও খাল রক্ষার দাবিতে কৃষকদের আবেদন ॥ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইউএনওর শহরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ১ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জহিরুল ইসলাম সেলিমের আনন্দ মিছিল মাদক মামলায় মাধবপুরের ১ জনের ১০ বছরের কারাদণ্ড চুনারুঘাটে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ আট হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ের রত্না নদীতে বৈদ্যুতিক শক ও নিষিদ্ধ জালে মাছ নিধন

৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন হুইপ জি কে গউছ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
যুক্তরাষ্ট্র সফরকালে তিনি দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নেন। প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে কথা বলেন।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হুইপ জি কে গউছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। দেশে এখন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনীতিকে আরও এগিয়ে নিতে তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তাই প্রবাসীদের দেশে ফিরে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।
প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে হুইপ জি কে গউছ বলেন, কোনো দুষ্ট লোক যাতে প্রবাসীদের ত্যক্ত-বিরক্ত করতে না পারে, সে বিষয়ে সরকারের নজর রয়েছে। প্রবাসীরা যাতে দেশে নিরাপদে বিনিয়োগ করতে পারেন এবং হয়রানির শিকার না হন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
প্রবাসীরা বিমানবন্দরে যাত্রী হয়রানীর বিষয়টি তুলে ধরলে হুইপ জি কে গউছ বলেন-ফ্যাসিষ্ট সরকারের ঘাপটি মেরে থাকা লোকজন এখনও দায়িত্ব পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। যাত্রী সেবার উন্নয়নে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নেয়া শুরু করেছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে।
সফরকালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হবিগঞ্জ জেলাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও অন্যান্য স্টেট বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেশটিতে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
দীর্ঘ সফর শেষে দেশে ফিরে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ আসবেন হুইপ জি কে গউছ। তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার হবিগঞ্জ আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com