স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও লাইসেন্স না থাকায় শায়েস্তানগরের রকি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের কোর্ট স্টেশন এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস শিউলির নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লড়ঘনের দায়ে অনুরাগ মিষ্টি বিপণীকে ৩ হাজার টাকা এবং নুসরাত লাইভ বেকারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানার মোট ৪ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ। এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।