স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় মাদকসহ আটক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সদস্যরা গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্র (৫৫) নামের একব্যক্তিকে নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপ সহ আটক করে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় এসআরবি-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বারিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃত রাজেন্দ্র চুনারুঘাট উপজেলার বেলাবিল গ্রামের আকলু’র ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্রকে আটক করে। এ সময় তার নিকট থেকে ৬৯ বোতল নেশাজাতীয় ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক ব্যক্তিকে শুক্রবার বিকেলে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।