হাবিবুর রহমান নোমান-বাহুবল ॥ “করব সমবায়, গড়ব দেশ’ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউর রেজা আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলফা বেগম, সাংবাদিক ফয়সাল চৌধুরীসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।