স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২৫৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল শিক্ষার্থীদেরকে বিদেশে গিয়ে দক্ষতা অর্জনের জন্য ৩য় ভাষা চালু করেছেন। শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল হওয়ার জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয় সে জন্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রকল্প সরকার হাতে নিয়েছে। তিনি বলেন, সকল অরাজকতা প্রধানমন্ত্রী শক্ত হাতে প্রতিহত করছেন। দলীয় নেতাকর্মীরাও দুর্নীতিতে ছাড়া পাবেনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
পরে হুইপ জি কে গউছ সহ অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।