মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে অবস্থিত একটি সেতু দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে সেতুটির পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এর ঝুঁকি আরও বেড়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার বা পুনর্র্নিমাণের উদ্যোগ নেওয় না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি এলাকাবাসীর চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সেতুর পাশেই রয়েছে একটি ভূমি অফিস এবং একটি উপ-স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র। প্রতিদিন ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ এই সেতু ব্যবহার করেন। এছাড়া আশপাশের গ্রামের বাসিন্দারাও দৈনন্দিন প্রয়োজন ও বিভিন্ন কাজে এই সেতুর ওপর নির্ভরশীল।
স্থানীয় বাসিন্দা দিলিপ দেব বলেন, “দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবার পাহাড়ী ঢলে পিলারের নিচের মাটি সরে যাওয়ায় অবস্থা আরও খারাপ হয়েছে। আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। একটি নিরাপদ সেতু নির্মাণ হলে শুধু সাধারণ মানুষের দুর্ভোগই কমবে না, ভূমি অফিস ও উপ-স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে সেবা গ্রহণও সহজ ও নিরাপদ হবে। বর্ষা মৌসুমে সেতুটি নিয়ে মানুষের উদ্বেগ আরও বেড়ে যায়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, “এ বছর অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ শুরু করা হবে।”