স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সুজাতপুর ইউনিয়নের হাওর বেষ্টিত গাজীপুর গ্রামে ধান শুকানোর খলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জীবন মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় প্রতিপক্ষের পুরুষ শুন্য বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানিতার অভিযোগ উঠেছে। শুধু বাড়িঘর ভাংচুর ও লুটপাটই নয়, আসামী পক্ষের বাড়ির রান্না ঘরে চুলা পর্যন্ত ভেঙ্গে পেলেছে নিহতের স্বজনরা। এ অবস্থায় আসামী পক্ষের বাড়িতে থাকা মহিলাও খাবার রান্না করে খেতে না পাড়ায় অনেকেই ক্ষুদার জ্বালা নিয়ে শিশু সন্তানদের নিয়ে কান্নাকাটি করছেন। আবারও অনেক মহিলারা শিশু সন্তানদের নিয়ে আশপাশের গ্রামের আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেছে। নিহত জীবন মিয়া ওই গ্রামের আইনুল মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর গ্রামের আলাই মিয়া ও মকসুদ আলী গংদের মাঝে পূর্ব বিরোধ চলে আসছিল। গত পহেলা বৈশাখে সরকারি ভূমিতে ধান শুকানোর খলা তৈরী করা নিয়ে আলাই মিয়া পক্ষের কামাল মিয়া সাথে মকসুদ আলীর তর্কবির্তক বাঁধে। পরবর্তীতে নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনার জের ধরে আবারও ২১ মে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের গুরুতর অবস্থায় জীবন মিয়াকে প্রথমে সিলেট ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থেকে ১ জুন মারা যান জীবন মিয়া। তার লাশের ময়না তদন্ত শেষে পরের দিন বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়। এদিকে জীবন মিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গ্রেফতার এড়াতে মকসুদ আলীর পক্ষের লোকজন আত্মগোপনে চলে যান। এ অবস্থায় পুরুষ শুন্য বাড়িতে ভাংচুর ও লুটপাট শুরু হয়। নিহতের স্বজনরা লুট করে ধান, চাল, গরু, বাছুর, হাঁস, মোরগ, তালা,বাসন, স্বর্ণলংকার, ফ্রিজসহ কাপড়-চোপড় নিয়ে গেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছেলেকে হারিয়ে শোকে নিস্তব্দ হয়ে পড়েছেন জীবনের মা উজ্জলা বেগম। কান্না করছেন বড় ভাই রুবেল মিয়া, বোনসহ স্বজনরা। তাদের সবার চোখে যেমন ছিল অশ্র তেমনি তারা জীবন হত্যার বিচারের দাবি জানিয়েছেন। জীবনদের বাড়ির কাছেই শাপলা বেগমের পাকা বাড়ির ভাংচুরের দৃশ্য চোখের সামনে পড়ে। তার বাড়ি ভেঙ্গে চোরমান করা হয়েছে। শুধু বাড়ি ভাংচুর নয়, বাড়ির চাল, চাল, স্বর্ণলংকার, আসবাবপত্র, গরু, বাছুরসহ হাঁস মোরগ লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ। শাপলা বেগম জানান, আমি এলাকায় থাকি না। তিলে তিলে বাড়ি করেছিলাম। কিন্তু আলাই মিয়া গং আমার বাড়িটি ভেঙ্গে দিল। আমার বাড়িসহ মালামাল লুট করে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি করেছেন তারা। আমি এর বিচার চাই। ভাংচু ও লুটপাট করা হয়েছে মুজিবুর রহমান, খোকন মিয়া, কাজল মিয়া, কাদির মিয়াসহ আরো ১০/১২টি বাড়ি। এসব বাড়ি থেকে ১ হাজার মন ধান, ২ মন চাল, ১০ ভরি স্বর্ণলংকার, নগদ প্রায় ১০ লাখ টাকাসহ আসবাবপত্র। বাড়িই শুধু লুটপাট নয়, বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি খাবারের চাল যেমন সব লুট করে নিয়ে গেছে। তেমনি রান্নার চুলাও ভেঙ্গে ফেলেছে। এ অবস্থায় বাড়িতে থাকা অনেক মহিলাও শিশু অনাহারে অধাহারে দিন কাটাচ্ছেন। আবার অনেকেই আশপাশের গ্রামের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন। একাধিক মহিলারা জানান, আলাই মিয়ার পক্ষের লোকজন আমাদের বাড়ি ঘর যেমন ভাংচ করেছেন, তেমনি লুটপাট করছেন। আমাদের ঘরের খাবারের চালও লুট করে নিয়ে গেছে। শুধু চাল নয়, রান্নার করার চুলা পর্যন্ত ভেঙ্গে ফেলেছেন। এ অবস্থায় আমরা না খেয়ে বেঁচে আছি। আবার অনেকেই ক্ষুদার জ্বালায় এলাকা ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেছেন। কোন মহিলা বাঁধা দিলে তারা তাদের শরীরে হাত দিচ্ছেন। স্থানীয় চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক জানান, ঘটনার পরই আমরা আলাই মিয়া গংদের এসব কর্মকান্ড না করার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আলাই মিয়ার জন্য আমাদের কথা শুনেননি। এ বিষয়টি আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে পুলিশকে অবগত করেছি। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, পুলিশের পক্ষ থেকে বার বার সর্তক করা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।