স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও কোথাও দিনে ও রাতে মিলিয়ে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় এসএসসি পরিক্ষার্থী, ব্যবসায়ীসহসাধারণ মানুষরা চরম দুর্ভোগে পড়ছেন। জেলার বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরম আবহাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থরা বেশি কষ্টে রয়েছেন। এতে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এদিকে আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নিয়মিত বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করছেন তারা। বিশেষ করে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ছে। ঘন ঘন লোডশেডিংয়ে বিড়ম্ভনায় পড়তে হচ্ছে পরীক্ষাথী ও অভিভাবকদের।
অভিভাবকদের অভিযোগ, একদিকে ভ্যাপসা গরম তারমধ্য আবার এই তীব্র লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হয়েছে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে। হবিগঞ্জ জেলায় এবার ১৫ হাজার ৭৯৪ জন এসএসসি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে।
পিডিবি সূত্রে জানাযায়, হবিগঞ্জ থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন এলাকা আলোকিত করলেও নিজের জেলা অন্ধকার থাকে ঘন্টার পর ঘন্টা। এর মধ্যে হবিগঞ্জ শহরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধিন ৭টি ফিডার এলাকায় হাজার হাজার বাতি থাকলেও প্রায়ই সময়ই নিমজ্জিত থাকে। অসহনীয় লোডশেডিংয়ের কবলে থাকায় এসব বাতি জ্বলতে হয় অন্তত্ব ২ ঘন্টা পর পর। ফলে ভোগান্তি পড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী। অনেকেই ক্ষোভে সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন বিরূপ মন্তব্য।
সূত্র জানায়, হবিহঞ্জ জেলায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭০৬ মেগাওয়াট। অথচ, জেলা শহরে বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেকও মিলছেনা বিদ্যুৎ। দৈনিক ১৮ থেকে ১৫ মেঘাওয়াটের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র ৬ থেকে ৮ মেঘাওয়াট। এতে করে হবিগঞ্জ শহরের ৭টি ফিডারে দেখা দিচ্ছে ঘন ঘন লোডশেডিং। বিদ্যুতের ঘাটতি থাকায় প্রতি ফিডারে ২ ঘন্টা ঘন্টা পর লোডশেডিং দিচ্ছে কর্তৃপক্ষ। গত সোমবার সকালে শহরে বিদ্যুতের চাহিদা ছিল ১৮ মেঘাওয়াট। এর মধ্যে বরাদ্দ আসে মাত্র ৮ মেঘাওয়াট। যে কারনে দিনে অন্তত্ব ৮ থেকে ১০ বার লোডশেডিং দেখা দেয়। শহরেরর ৭ টি ফিডারেই প্রায় ২ ঘন্টা করে লোডশেডিং দেখা দেয়। বিদ্যুৎ আসলেও ১০ মিনিট পরই আবার লোডশেডিংয়ের কবলে পড়ে ওইসব এলাকা। এমন ঘন ঘন লোডশেডিংয়ের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে, চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে শহরের দোকানপাট সন্ধ্যা ৭ টার পরই বন্ধ থাকে। এরপরও ঘন ঘন লোডশেডিং থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী। বিদ্যুৎ না থাকায় ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে এসএসসি পরিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগনের মধ্যে। বিদ্যুৎ গ্রাহকদের মতে দিনে অন্তত ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর পরিস্থিতি আরও অবনতি হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। হবিগঞ্জ শহরের নিউ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও এসএসসি পরিক্ষার্থীর অভিভাবক মামুন আহমেদ কালবেলাকে জানান, রাজনগর ফিডারে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যা এসএসসি শিক্ষার্থী তার মেয়ের পড়াশোনায় বিঘ্ন ঘটাচ্ছে।
শ্যামলি এলাকার বাসিন্দা এনাম চৌধুরী কালবেলাকে বলেন, তাদের এলাকায় গত কয়েকদিন ধরে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ আসা-যাওয়া করছে। দিনে ও রাতে মিলিয়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। এতে করে এসএসসি পরিক্ষার্থীসহ শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
রাজনগর এলকার বাসিন্দা ও এসএসসি পরিক্ষার্থীর অভিভাবক হাফিজুর রহমান তালুকদার জানান, বিদ্যুতের এই ভেলকিবাজিতে তার বাসায় পরীক্ষা দেওয়া তার এক আত্মীয় চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎনির্ভর দোকানপাট, ফ্রিজ, কোল্ড স্টোরেজ ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ থাকায় পণ্যের ক্ষতি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সময়ের আগেই প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি মো: শামছুল হুদা কালবেলাকে বলেন, দেশে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ হবিগঞ্জের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে আসলেও স্থানীয়ভাবে এর ন্যায্য বণ্টন নিশ্চিত হচ্ছে না। শহরে প্রায় পিডিবির ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। একইভাবে জেলায় পল্লী বিদ্যুতাায়ন বোর্ডের ১৫৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ অবস্থায় শহরে প্রতিদিন ৫-৬ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। আর এতে ব্যবসায়ীরা চরম চরম ভোগান্তিতে পড়েছেন বলে তিনি জানান। সনধ্যা ৭ টায় দোকানপাট লাগিয়ে বাড়িতে গেলেও বিদ্যুৎ না থাকায় কি লাভ হলো দোকানপাট লাগিয়ে।
তিনি অভিযোগ করেন বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া হবিগঞ্জের বিবিয়ানা এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে আরও চাপ তৈরি হয়েছে।
পিডিবির কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক জ্বালানি সংকট, জ্বালানি সরবরাহে ঘাটতি এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে উৎপাদন না বাড়লে দ্রুত পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
এদিক ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে পিডিবির অফিসে যোগাযোগ করেও বেশিরভাগ সময় সাড়া পাওয়া যায় না। পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হবিগঞ্জে বিদ্যুৎ সংকট আরও তীব্র হবে এবং এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে পড়বে।