স্টাফ রিপোর্টার ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান হলো ১০ গ্রামের মানুষের। দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হয়েছে একটি সেতু উদ্বোধনের মাধ্যমে। যে সেতুটির বানিয়াচং উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের বৃহৎ ৪টি গ্রাম সৎমুখা, সুজাতপুর, দত্তপুর, বাজুকা, লাখাই ও অষ্টগ্রাম উপজেলার ৬টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা ছিল সিংগাইর বিলের খেয়া পাড় হয়ে বানিয়াচং উপজেলা সদর, হবিগঞ্জ জেলা শহর সহ সারা দেশের সাথে যাতায়াতের একমাত্র রাস্তা। শুধুমাত্র সিংগাইর বিলে ব্রিজ না থাকায় ওই এলাকার মানুষকে পোহাতে হয়েছে অবর্ননীয় দূর্ভোগ। গতকাল সোমবার সিংগাইর ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ওই এলাকার জনসাধারণের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সিংগাইর বিলের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকৌশলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, এই সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে নির্মাণের মাধ্যমে দুর্ভোগের অবসান ঘটেছে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।
প্রধান অতিথি তার বক্তব্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সাবেক উপদেষ্টা অত্র এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক জাকারিয়া খান চৌধুরীর কথা উল্লেখ করে বলেন, আজ আমরা যে সেতুটি উদ্বোধন করেছি এবং যে রাস্তা দিয়ে সুজাতপুর পর্যন্ত এসেছি এটি তাঁরই অবদান। তিনিই প্রথম হবিগঞ্জ-সুজাতপুর রাস্তার কাজ শুরু করেন। তাঁর হাত ধরেই এই এলাকায় তৎকালীন বিএনপি সরকারের উন্নয়ন কর্মকান্ড শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ এই ব্রিজটি নির্মাণ হয়েছে। তিনি জাকারিয়া খান চৌধুরীসহ অত্র এলাকার প্রয়াত সকল নেতৃবৃন্দের ত্যাগের কথা উল্লেখ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, আগামীতেও এলাকার সকল উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। বানিয়াচং-আজমিরীগঞ্জের কোন এলাকা আর অবহেলিত থাকবে না। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে উন্নয়ন করা হবে।
স্থানীয়রা জানান, সেতুটি চালু হওয়ায় সিংগাইর বিল ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বর মাসে শেষ হয়। প্রায় ১০ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সোহেল আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য আক্কাদস হোসেন তালুকদার, বানিয়াচং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদি, সহ-সভাপতি মশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান আবু, সুজাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দাল চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ আহমেদ মজলিশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এফিয়ান, সাব-ইঞ্জিনিয়ার মিনাল কান্তি বিশ্বাস, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করা হয়।