স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মাধবপুর উপজেলার ২০ নম্বর সুরমা চা-বাগানের মৃত বীর সিংয়ের ছেলে বিশাল ভৌমিক (১৯) ও বিশ্বনাথ তাতীর ছেলে হৃদয় তাতী (১৯)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি পাটের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে বলে দাবি করেছে এসআরবি। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাদের ও উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।