মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরাভর্তি একটি হলুদ রঙের ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে বলে খবর পায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। পরে পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটি আটক করে। এ সময় ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। জিরা ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে আটক তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।