লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ এবং পাঁচটি ডিম উদ্ধার করা হয়েছে। সাপগুলো কোথায় অবমুক্ত করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বন বিভাগ। জনবসতিপূর্ণ এলাকার কাছে সাপ ছেড়ে দিলে মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কায় রেমা-কালেঙ্গা বনে অবমুক্তির প্রাথমিক পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
গতকাল সোমবার (২ নভেম্বর) সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের জেলা সদস্য রবি কাস্তা সাপগুলো উদ্ধার করে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন। বন বিভাগের রেসকিউ সেন্টারে সাপগুলো রাখা হয়েছে।
বন বিভাগ জানায়, উদ্ধার করা সাপের মধ্যে ৭০টি পদ্মা গোখরা, ৬০টি খইয়া গোখরা ও পাঁচটি দারাশ রয়েছে। এ ছাড়া একটি মা দারাশ, একটি মা খইয়া গোখরা এবং পাঁচটি ডিম উদ্ধার করা হয়েছে। কয়েকটি ডিম থেকে ইতিমধ্যে বাচ্চা ফুটেছে।
বন্যপ্রাণী কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, সাপগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। উপযুক্ত অবমুক্তির স্থান নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বড় ও উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।