স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের মোতাওয়াল্লী ও গদীনিশীন পীরজাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সূফী সংস্থার কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আফতাফ জিলানী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ও রিচি দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ শামসুদ্দিন।
বক্তারা বলেন, ইসলাম শান্তি, মানবতা ও সম্প্রীতির ধর্ম। সমাজ থেকে হিংসা, বিভেদ ও নৈতিক অবয় দূর করতে সূফীবাদের আত্মশুদ্ধি, ভালোবাসা, সহনশীলতা ও মানবসেবার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে নুরুল ইসলাম ফটিককে আহ্বায়ক এবং সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, লিটন শাহ ফকির ও আনোয়ার হোসেন মহনসহ অন্যদের নিয়ে বিশ্ব সূফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সমাজকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুরাদ আহমেদ চিশতী।