সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের বসতবাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর ভাই শামছুল হক এবং দুই ভাতিজা নজরুল ইসলাম ফটিক ও হারুন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নুরুল হক হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক আবেদন করেছেন। জমি নিয়ে বিরোধের জেরে হামলা, প্রাণনাশের হুমকি এবং শান্তিভঙ্গের আশঙ্কার কথাও আবেদনে উল্লেখ করেছেন তিনি।
আদালতে দাখিল করা আবেদন ও সংশ্লিষ্ট নোটিশ সূত্রে জানা যায়, নুরুল হকের পিতা আব্দুস সহিদের মৃত্যুর পর পারিবারিক আপস-বণ্টনের মাধ্যমে চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের আমতলা মৌজায় তিনটি দাগে মোট ২৭ শতক জমি তিনি পেয়েছেন বলে দাবি করেন। এর মধ্যে একটি দাগে ৪ শতক, অন্য দুটিতে যথাক্রমে ১০ ও ১৩ শতক জমি রয়েছে। এসব জমি তিনি ভোগদখল করে আসছেন বলেও আবেদনে উল্লেখ করেন।
নুরুল হকের অভিযোগ, জমির সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে বিরোধ চলছে। একপর্যায়ে তাঁরা জমি জোরপূর্বক দখল করে তাঁকে বেদখল করার চেষ্টা করছেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আদালতে দাখিল করা আরেকটি আবেদনে নুরুল হক অভিযোগ করেন, গত ২ আগস্ট ২০২৬ বিকেলে স্থানীয় নালমুখ বাজারে যাওয়ার পথে পলিন মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তাঁর ভাই ও দুই ভাতিজা দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আদালতের মামলা অনুযায়ী, জমি নিয়ে বিরোধের ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ৬৪৯/২০২৬ নম্বর মামলা করা হয়। চলতি বছর ৩ আগস্টে একটি নোটিশে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে দাঙ্গা-হাঙ্গামা না করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নোটিশে পরবর্তী তারিখ হিসেবে ৬ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে। এ ছাড়া হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে নুরুল হক ফৌজদারি কার্যবিধির ১০৭, ১১৪ ও ১১৭(সি) ধারায় পৃথক আবেদন করেছেন। আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুচলেকা নেওয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com