মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। কিশোরদের একটি অংশ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে মারামারি, মাদক গ্রহণ ও বিক্রি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের প্রবণতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পেছনে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মইনউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জা ৫৫ বিজিবির প্রতিনিধি শাহিন মিয়া, ২৫ বিজিবি প্রতিনিধি ফুরকান মিয়া প্রমুখ।