স্টাফ রিপোর্টার ॥ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১২টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এই টিন বিতরণ করেন।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত ঢেউটিন বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই ও জীবনমান উন্নয়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় হুইপ জি কে গউছ বলেন-অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও প্রকৃত ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।
ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারি কমিশনার মোঃ জাহিদ হাসান, থানার ওসি আবুল কালাম, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন সহ রাজতৈনিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ।