স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের উত্তর পাশের চর থেকে রাতের আঁধারে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, লস্করপুর গ্রামের আলী হুসেন ও আফরোজ মিয়ার নেতৃত্বে একটি চক্র রাতভর ওই স্থান থেকে মাটি কাটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে নদীর চর থেকে মাটি উত্তোলনের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। এতে নদীর চর ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে আলী হুসেন বলেন, অনেকেই মাটি উত্তোলন করে, তাই আমিও মাটি কেটেছি। এলাকাবাসীর অভিযোগ, এভাবে নদীর চর থেকে মাটি উত্তোলন অব্যাহত থাকলে পরিবেশ ও নদীর স্বাভাবিক অবস্থার ক্ষতি হতে পারে। তাই বিষয়টি তদন্ত করে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।