স্টাপ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম লাগামহীন হয়ে পড়েছে। বার বার সংবাদ প্রকাশের পরও স্থানীয় প্রশাসন কিংবা হাসপাতালের দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা বীরদর্পে দালালি করে যাচ্ছে। গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের বেকায়দায় ফেলে প্রাইভেট ক্লিনিকে নিয়ে অহেতুক পরীক্ষা নিরীক্ষার নামে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও ভুক্তভোগীরা এসআরবি শায়েস্তাগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এসআরবি ও জেলা প্রশাসন।
অভিযানে আটক পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর এলাকার কামাল শাহ ও জনাব আলী, উমেদনগর এলাকার আফরান মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া এলাকার যাত্রা বড় বাড়ির টেনু মিয়া এবং নবীগঞ্জ উপজেলার দূর্বলপুর এলাকার মো. সাকিব মিয়া তালুকদার।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর এবং হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা আদায় এবং বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি করানোর কথা বলে হয়রানি করার অভিযোগ রয়েছে। এসব দালালের কারণে সাধারণ রোগী ও তাঁদের স্বজনেরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীদের হয়রানি বন্ধ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে যেন কোনো রোগী বা স্বজন দালালচক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।