মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন হাতিমারা চা বাগান এলাকায় একটি বন্য হরিণ শিকার করে জবাই ও মাংস ভাগ করে খাওয়ার অভিযোগ উঠেছে। গত (১৩ নভেম্বর) শুক্রবার ঘটে যাওয়া এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বনের কাছাকাছি হাতিমারা চা বাগান এলাকা থেকে পাঁচজন চা শ্রমিক হরিণটি ধরে এনে প্রকাশ্যে জবাই করেন এবং এর মাংস ভাগ করে খেয়ে ফেলেন। স্থানীয় সচেতন বাসিন্দারা এর প্রতিবাদ করলেও অভিযুক্তরা তা আমলে নেননি। পরবর্তীতে বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়।
খবর পেয়ে গতকাল (১৭ নভেম্বর) মঙ্গলবার থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বন বিভাগ।
কালেঙ্গা বিট কর্মকর্তা মো. আল আমিন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পরিবেশকর্মী ওমাইয়া ফেরদৌস বলেন, “রেমা-কালেঙ্গা দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল। অনেক সময় খাদ্যের সন্ধানে বন্যপ্রাণী বনের পাশের চা বাগান ও লোকালয়ে চলে আসে এবং শিকারে পরিণত হয়। এখানে চোরা শিকারিদের তৎপরতাও লক্ষণীয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। বনের জীববৈচিত্র্য রায় বনাঞ্চলে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
এ বিষয়ে হবিগঞ্জ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রেঞ্জের কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, হরিণ শিকারের ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।