লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা এবং ১৪ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন লাখাই থানাধীন ভাদিকারা (চাঁনপাড়া) এলাকার নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং বামৈ কাটিহারা গ্রামের প্রয়াত দেবীচরণ রবিদাসের ছেলে রবি রবিদাস (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার একটি টিম বুল্লাবাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়াকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, আরেকটি অভিযানে বামৈ কাটিহারা গ্রাম থেকে রবি রবিদাসকে তার নিজ বসতবাড়ি থেকে ১৪ লিটার মদসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।