স্টাফ রিপোর্টার ॥ প্রকল্পের কাজ নিজেই করেন মাধবপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূর মামুন। প্রকল্প সভাপতি, সম্পাদককে শুধু বলেন স্বাক্ষর দিতে। প্রায় ৪ বছর পর বদলী হয়েছিলেন ৭ মাস আগে। এরপর থেকেই বদলী ঠেকাতে শুরু হয় দৌড়ঝাপ। শেষমেষ একমাস আগে বদলী ঠেকিয়েছেনও। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, পিআইও সরাসরি আমাদের অধিন কাজ করেন না। তারা ত্রাণ ও পুনর্বাসন অফিসের অধিন। তাদের বদলী, পদায়ন সবই সেখান থেকে হয়। তিনি বলেন, গত বছর ডিসেম্বরে পিআইও বদলী হয়েছেন। তার কাগজও পেয়েছি। কিন্তু বদলী স্থগিত হয়েছে বলে জানিনা। তাকে ছাড়পত্র দেয়ার জন্য আমি জানিয়েছি। তার অনিয়মের বিষয়ে বলেন, আমার দেখার দায়িত্ব হচ্ছে কাজটি করেছে কি-না। আমরা কাজ চলাকালিন ৩ ধাপে শুরুর আগের, চলাকালিন এবং শেষ হওয়ার পর ছবি নেই। পিআইও সাহেবের কাছ থেকে একটি পরিদর্শন প্রতিবেদন নেই। কিন্তু কাজ কাকে দিয়ে করেন তা আমার জানার কথা না। আমাকে তিনি অবগতও করেন না। আমি কাজগপত্র দেখে বিল দিই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তার বদলী হয়েছিল। কিন্তু গত মাসে (মে) তার বদলী স্থগিত হয়েছে। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করেছেন। তিনি টানা ৪ বছর ধরে একই কর্মস্থলে একই পদে কিভাবে আছেন জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, সেটি আমি বলতে পারবোনা। কর্তৃপক্ষ চাইলে রাখতে পারেন। মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূর মামুন জানান, ২০২২ সালে তিনি মাধবপুরে যোগদান করেছিলেন। গত ডিসেম্বরে তিনি বদলী হন। তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ ছিল। চিকিৎসার সুবিধার্থে আমি নতুন কর্মস্থলে যোগদান করিনি। গত ৭ মে আমার বদলী স্থগিত হয়েছে। তবে এখন খুব শীঘ্রই আমি বদলী হয়ে চলে যাব। তার অনিয়মের কথা বলতেই তিনি ফোন কেটে দেন। এরপর বার বার চেষ্টা করলেও আর ফোন রিসিভ করেননি।
জগদীশ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সেলিম মিয়া বলেন, এসিল্যান্ড অফিসের রাস্তা কিছুদিন পূর্বে সংস্কার করা হয়েছিল। এটির প্রকল্প সম্পদক আমাকে করা হয়েছিল। কিন্তু আমি এর কিছুই জানিনা। শুধু জানি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ছিল ৫ লাখ এবং এসিল্যান্ড অফিসের সামনের অংশ ঢালাইয়ের জন্য ধরা হয়েছিল ১ লাখ ৫০ হাজার টাকা। কাজ পিআইও তার অফিসের লোকজন নিয়ে করেছেন। ঢালাইয়ে কোন রড ব্যবহার করেননি। তারা নিজেরাইতো প্রকল্পগুলোর কাজ করেন। আমরা শুধু স্বাক্ষর দিই।
জানা গেছে, পিআইও মো. নূর মামুন বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালের আগস্টে মাধবপুরে যোগদান করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর অত্যন্ত সুকৌশলে বিভিন্ন জনকে ম্যানেজ করে চলেছেন। সরকারি চাকরি বিধিমালায় একই কর্মস্থলে একই পদে ৩ বছরের বেশি না থাকার বিধান রয়েছে। কিন্তু তিনি একই পদে একই কর্মস্থলে আছেন প্রায় ৪ বছর। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে গত বছরের ডিসেম্বরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলী করা হয়। এরপর থেকে তিনি দৌড়ঝাপ চালিয়ে গত ৭ মে নিজের বদলী ঠেকান।