স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- হবিগঞ্জ কারাগারে যুবলীগের এক কর্মী ছুরিকাঘাত করে আমাকে হত্যার চেষ্টা করেছিল। মহান আল্লাহ আমাকে নেক হায়াৎ দিয়েছেন, নতুন জীবন দান করেছেন। সে জন্য মহান আল্লাহর সাথে ওয়াদা করেছি, যত দিন বেঁচে থাকবো মানুষের খেদমত করব, ইনশাআল্লাহ। তিনি গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার র”হের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কদ্দুস ও ছাত্রদল নেতা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন-সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সামছু মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিত প্রমূখ।