লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় দিনে দুপুরে সাংবাদিক বিএম তারেকের বসত বাড়ির আঙিনা থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টস চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে নিজ বাসায় গতকাল শুক্রবার বিকেলে এ চুরির বিষয়টি জানাজানি হয়।
ঘটনার বিবরণে ভুক্তভোগী সাংবাদিক বিএম তারেক জানান, গতকাল শুক্রবার সকালে তিনি পেশাগত কাজ শেষে মোটরসাইকেলটি চালিয়ে নিজ বাসায় ফেরেন এবং বাড়ির আঙিনায় পার্ক করে ভেতরে যান। বিকেলে আসরের নামাজের পর বাসা থেকে বের হয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা মোটরসাইকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। ঘরের সামনে দিনেদুপুরে এমন চুরির ঘটনায় তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী সাংবাদিককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুত চোর সনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ নেয়, সে বিষয়েও তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জনসংকীর্ণ ও দিনের আলোতে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী সাংবাদিক বিএম তারেক এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।