লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরেশোরে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এলাকার হাজী মোঃ মোখলেছুর রহমান। দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে যাওয়ার সুবাদে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের কাছে ‘মানবতা ফেরিওয়ালা’ হিসেবে বিশেষ পরিচিতি এবং ব্যাপক আস্থা অর্জন করেছেন।
সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের সুনির্দিষ্ট নির্বাচনী ভাবনা ও জনকল্যাণমুখী ইশতেহার জনসম্মুখে তুলে ধরেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করে বলেন, ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পেলে তিনি নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সর্বদা সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এবং জনগণের প্রতিটি আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করবেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে, একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠনই হবে তার প্রধান লক্ষ্য।
হাজী মোঃ মোখলেছুর রহমান তার নির্বাচনী ইশতেহারে এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণে সুদূরপ্রসারী বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি রাস্তাঘাট ও খালবিল সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন। এছাড়া, সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলো—যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ছাড়াই প্রতিটি প্রকৃত ও যোগ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জনসেবাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে তিনি এক যুগান্তকারী ও আধুনিক পরিকল্পনার কথা জানান। তিনি ঘোষণা করেন যে, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে একটি সার্বক্ষণিক ‘হটলাইন সেবা’ চালু করা হবে। এই হটলাইনের মাধ্যমে সাধারণ মানুষ যেকোনো সময় ইউনিয়ন পরিষদের সেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি তাদের অভিযোগ, মতামত বা পরামর্শ জানাতে পারবেন এবং তাৎক্ষণিক সমাধান পাবেন।
পাশাপাশি ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি এক অনন্য উদ্যোগের কথা বলেন। সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ উন্নয়ন কাজের জন্য প্রতি বছর মোট কত টাকা বরাদ্দ পেল এবং সেই বরাদ্দের বিপরীতে কোন কোন খাতে কী কী উন্নয়ন কাজ সম্পন্ন হলো বা চলমান রয়েছে, তার বিস্তারিত হিসাব নিয়মিত ফেসবুক লাইভের মাধ্যমে এলাকার সকল জনসাধারণকে স্বচ্ছভাবে জানিয়ে দেওয়া হবে। এর ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে কোনো ধরনের লুকোচুরি বা অনিয়মের সুযোগ থাকবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন এবং মুড়িয়াউক ইউনিয়নকে একটি আধুনিক, রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার এই মহৎ উদ্যোগে তিনি সর্বস্তরের জনগণের মূল্যবান দোয়া, মায়া ও সমর্থন কামনা করেছেন।