স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ-কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ হুইপ জি কে গউছ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, ক্ষমতা থাকলেই যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের কারণেই বাংলাদেশে ৫ আগস্টের সৃষ্টি হয়েছিল। মানুষের জীবন যেখানে স্থায়ী, ক্ষমতা সেখানে চিরস্থায়ী হতে পারে না।
তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছিলেন। তিনি ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। এই আহ্বান ছিল একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা।
জি কে গউছ এমপি বলেন, বেগম খালেদা জিয়ার সেই আহ্বানকে সামনে রেখে আমাদের রাজনীতিতে প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা, প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার এবং বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করেছেন। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই তারেক রহমান সংসদীয় দলের সভায় সকল এমপির কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন-আমরা কেউ ফ্যাট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে এই ত্যাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এটি আমাদের সকলের জন্য অনুকরণীয়।
তিনি আরো বলেন, রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ। ক্ষমতা ভোগের জন্য নয়, মানুষের সেবা করার জন্য। তাই দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।