শরীফ চৌধুরী ॥ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু নির্মাণ এবং সড়ক পুনর্বাসনের কাজ করা হবে। তিনি গতকাল বুধবার রাত সাড়ে ৭ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হবিগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জেলার জন্য নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে হবিগঞ্জের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। হবিগঞ্জে অনলাইন জুয়া ও মাদক নির্মূলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক শক্তিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িতদের একটি শর্ট লিস্ট তৈরি করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। বিশেষ করে স্থানীয় ক্লাব ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসন ও পুলিশকে নিয়মিত সমন্বয় করতে হবে। তাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়কের প্রতি নির্দেশ দেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে সংসদ সদস্য এস এম ফয়সল, আবু মনসুর সাখাওয়াত হাসান ও শাম্মী আক্তার, সিলেট বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী দুপুরে নবীগঞ্জে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।