মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকার ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে মাধবপুর উপজেলার নোয়াপাড়া মডেল ইউনিয়নের স্থানীয় সরকার ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন পাঁচজন বিসিএস ক্যাডার কর্মকর্তা।
পরিদর্শনকালে প্রশিক্ষণরত কর্মকর্তারা গ্রাম আদালতের মামলা গ্রহণ, আদালত গঠন, শুনানি, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ, বিরোধ নিষ্পত্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন ধাপ সম্পর্কে সরেজমিনে ধারণা নেন। এ সময় তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত গঠনের বিধান রয়েছে। আইন অনুযায়ী, চেয়ারম্যানের সভাপতিত্বে উভয় পক্ষের মনোনীত সদস্যদের সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজ প্রক্রিয়ায় নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করাই গ্রাম আদালতের অন্যতম উদ্দেশ্য।
পরিদর্শনকালে কর্মকর্তারা গ্রাম আদালতের রেজিস্টার, মামলার নথি সংরক্ষণ, আবেদন গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় সরকার ব্যবস্থাপনা সম্পর্কে তারা তথ্য নেন।
সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায়ে স্থানীয় সরকার ও গ্রাম আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে প্রশিক্ষণরত বিসিএস কর্মকর্তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এতে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা আরও সুস্পষ্ট হয়।
পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীরা নোয়াপাড়া মডেল ইউনিয়নের স্থানীয় সরকার ও গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।