স্টাফ রিপোর্টার ॥ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি) শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুসকা আটক ও ২ জনকে গ্রেফতার করেছে। গত
কাল দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর জেলার কেউয়া পশ্চিম খন্ড গ্রামের মো: আব্দুল হালিম (২৬) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাও গ্রামের সুরুজ মিয়া (৩৪)।
এসআরবি-৯ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি একটি ড্রাম ট্রাকযোগে চোরাচালানের মালামাল নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে। এর ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিলেটের সিপিএসসি’র যৌথ আভিযানিক দল গতকাল প্রায় দুপুরের দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি ড্রাম ট্রাকের গতিরোধ করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে ড্রাম ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টাকালে মো: আব্দুল হালিম ও সুরুজ মিয়াকে আটক করা হয়। পরে ড্রাম ট্রাকে তল্লাসী চালিয়ে বিশেষ কৌশলে রাখা ১৪৯টি সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে ভারতীয় ফুচকা চোরাচালানের মাধ্যমে সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
পরে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত মো: আব্দুল হালিম ও সুরুজ মিয়া ও জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।