স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বন বিটের ভিলেজার পাড়া এলাকা থেকে সেগুন ও আকাশমণি গাছের ২০ বান্ডিল অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে বন বিভাগ।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলামের নেত”ত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে। পরে জব্দকৃত কাঠ জগদীশপুর বন বিট ফরেস্ট অফিসে হেফাজতে রাখা হয়েছে। এদিকে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, তেলমাছড়া বন বিটে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত তদারকি নেই। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে বনাঞ্চল থেকে বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার করছে। পাশাপাশি জ্বালানি কাঠ ভিলেজার পাড়া এলাকায় মজুত করে পরে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, নিয়মিতভাবে বন থেকে বাঁশ ও গাছ কাটার কারণে সাতছড়ি বনাঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে জব্দকৃত কাঠের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।