স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসায় দি রোজেস স্কুলের ছাত্রকে ধর্মীয় শিক্ষা দেয়ার কথা বলে বলাৎকারের অভিযোগ উঠেছে মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাল দিতে পুলিশের হিমশিম পোহাতে হয়।
গতকাল রবিবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে স্থানীয়দের সহায়তায় মাওলানা সাদেককে পুলিশ আটক করে। সে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাব্বানী মিয়ার পুত্র। ওই ছাত্র দি রোজেস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রকে ধর্মীয় শিক্ষা দেয়ার কথা বলে কৌশলে মাদ্রাসায় নিয়ে যান সাদেকুর। রাতের বেলা তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। যদি বলে তাকে জ্বীনে মেরে ফেলবে বলে ভয় দেখানো হয়। ওই ছাত্র তার মেসে এসে এক সাংবাদিককে বিষয়টি জানায়। পরে সকলে মিলে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে। মাদ্রাসা পরিচালনা করেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী বলে জানা গেছে। এদিকে মাওলানা সাদেকুরকে থানায় নিয়ে আসলে ওই মাদ্রাসার শিক্ষকরা থানায় ছুটে আসেন এবং এক পর্যায়ে উত্তেজিত জনতার সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওসি জাহিদুল হক জানান, এ ঘটনায় ছেলের পিতা বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে মামলা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে ওই শিক্ষককে সোমবার আদালতে প্রেরণ করা হবে।