স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। সভায় পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিরা শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও উৎসবমুখর করতে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌরসভা মশক নিধন, পরিচ্ছন্নতাসহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে।’ পূজার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্যে তিনি মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। এছাড়াও দুর্গাপূজাকে শান্তিপূর্ন ও উৎসবমুখর করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা সর্বাত্মকভাবে কাজ করবে বলে তিনি আশ্বস্থ করেন।
মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলীনি কান্ত রায় নীরু, সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন রায়, হবিগঞ্জ পৌর শাখার এডভোকেট জন্টু চন্দ্র দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।