স্টাফ রিপোর্টার ॥ ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নতুন এই জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ। উদ্বোধনের মধ্য দিয়ে নাগরিকদের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমানো, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং দ্রুততার সঙ্গে ভূমি সেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি সেবার মানোন্নয়ন ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনায় কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জে ভূমি সেবায় আরও গতিশীলতা ও আধুনিকতার সংযোজন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।